নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা বন্ধ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) থেকে সিদ্ধান্ত দুটি কার্যকর হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, রাজস্ব রিজার্ভ সমন্বয়ের পর কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান বা সংরক্ষিত মুনাফার ঋণাত্মক স্থিতি পরিশোধিত মূলধনের চেয়ে বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০ মে ২০২৪ তারিখের নির্দেশনার ১(ডি) ধারা অনুযায়ী কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়।
ক্যাটাগরি পরিবর্তনের পর সিঙ্গার বাংলাদেশের শেয়ার কেনার জন্য স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা আর কোনো মার্জিন ঋণ সুবিধা দিতে পারবেন না। বিএসইসির মার্জিন রুলস, ২০২৫-এর বিধি ১১(৮) অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ফলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের নিজস্ব অর্থ ব্যবহার করতে হবে। ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগে আর্থিক ঝুঁকি তুলনামূলক বেশি থাকতে পারে বলে বাজারসংশ্লিষ্টরা সাধারণত বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
ডিএসই তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক অবস্থা, বিধি পরিপালন এবং প্রযোজ্য নির্দেশনার ভিত্তিতে নিয়মিত ক্যাটাগরি পুনর্নির্ধারণ করে থাকে।
Posted ১২:০১ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity