প্রতিদিনের অর্থনীতি রিপোর্ট | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | প্রিন্ট
একীভূতকরণের মাধ্যমে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে দুই নতুন পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তিন বছরের জন্য নিয়োগ পাওয়া নতুন দুই পরিচালক হলেন কে এম জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী।
ব্যাংকটির পর্ষদে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞ পেশাজীবীদের সম্পৃক্ত করে করপোরেট সুশাসন ও ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নবনিযুক্ত পরিচালক কে এম জাকারিয়া বর্তমানে বাংলালিংকের স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাও। টেলিযোগাযোগ, দ্রুত ভোগ্যপণ্য, উৎপাদনশিল্প, অর্থায়ন, সরবরাহব্যবস্থা এবং আর্থিক সেবা খাতে তাঁর তিন দশকের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।
অন্য পরিচালক মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী একজন চার্টার্ড হিসাববিদ। তিনি বর্তমানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান কেএম আলম অ্যান্ড কোম্পানির অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ডিবিএলের অ্যাকসেসরিজ বিভাগের স্বতন্ত্র পরিচালক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অবৈতনিক অর্থ সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন। দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর প্রায় ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে।
উল্লেখ্য, এর আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আবেদুর রহমান সিকদারকে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর চলতি সপ্তাহে তিনি দায়িত্ব নেবেন বলে জানা গেছে। পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নতুন পর্ষদ ও ব্যবস্থাপনার মাধ্যমে আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
Posted ১২:২৭ পিএম | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity