নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট
লোকসানে থাকা সত্ত্বেও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদরের অস্বাভাবিক উত্থানে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানির পক্ষ থেকেও জানানো হয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) নেই।
সোমবার (১৩ জুলাই) ডিএসই তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানায়।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৪ জুন ফারইস্ট নিটিংয়ের শেয়ারদর ছিল ১৭ টাকা ১০ পয়সা, যা ১২ জুলাই বেড়ে ২৩ টাকা ৮০ পয়সায় পৌঁছেছে। অর্থাৎ এক মাসেরও কম সময়ে শেয়ারটির দাম প্রায় ৩৯ শতাংশ বেড়েছে।
অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চাইলে কোম্পানি ডিএসইকে জানায়, শেয়ারদর বাড়ার মতো কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
অন্যদিকে, কোম্পানিটির আর্থিক অবস্থার চিত্র ইতিবাচক নয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা।
এ পরিস্থিতিতে প্রকাশিত তথ্য ও কোম্পানির মৌলভিত্তি বিবেচনায় বিনিয়োগের সিদ্ধান্ত নিতে বিনিয়োগকারীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডিএসই।
Posted ১:২৮ পিএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity