নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি ও লেনদেনের প্রবণতার কারণে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই)।
সোমবার (১৩ জুলাই) দিনের অবশিষ্ট সময়ের জন্য কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। বিষয়টি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর ১৪৬ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ১৭০ টাকা ৬০ পয়সায় পৌঁছেছে, যা প্রায় ১৬ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি। একই সময়ে উসমানিয়া গ্লাসের শেয়ারদর ৩৭ টাকা ৩০ পয়সা থেকে ৭০ টাকা ২০ পয়সায় উন্নীত হয়েছে, অর্থাৎ প্রায় ৮৮ দশমিক ২০ শতাংশ বেড়েছে।
দরবৃদ্ধির কারণ জানতে এর আগে ডিএসই ড্যাফোডিল কম্পিউটার্সকে ২১ জুন এবং উসমানিয়া গ্লাসকে ২ জুলাই ব্যাখ্যা দিতে বলে। জবাবে উভয় কোম্পানি জানিয়েছে, শেয়ারদর বা লেনদেনে প্রভাব ফেলতে পারে এমন কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) তাদের কাছে নেই।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, কোম্পানি দুটির শেয়ারদর বৃদ্ধির সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বা প্রকাশিত তথ্যের সুস্পষ্ট কোনো সামঞ্জস্য পাওয়া যায়নি। এ কারণে দরবৃদ্ধির পেছনে কোনো অস্বাভাবিক লেনদেন, সমন্বিত কার্যক্রম বা বাজার কারসাজির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানির কাছে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্রও চাওয়া হয়েছে।
Posted ২:০৬ পিএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity