নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট
দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের রপ্তানি প্রতিযোগিতা বাড়াতে নগদ সহায়তার হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬-২৭ অর্থবছরের জন্য রপ্তানির বিপরীতে এ সহায়তা ১ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
রোববার (১২ জুলাই) জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে দেশীয় বস্ত্র খাতে এ নগদ সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয়ভাবে কাঁচামাল ব্যবহার করে তৈরি রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন ও রপ্তানি উৎসাহিত হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশীয় উৎস থেকে সুতা, কাপড়সহ প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে উৎপাদিত রপ্তানি পণ্যের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে নগদ সহায়তা পেতে রপ্তানিকারকদের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
এ জন্য বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের সদস্য রপ্তানিকারকদের স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের প্রমাণপত্র দাখিল করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে ২০০১ ও ২০০৩ সালে জারি করা সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
Posted ৪:১৬ পিএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity