নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট
যোগ্য বিনিয়োগকারীদের (কিউআই) কাছে শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রয়্যাল ফুটওয়্যার পিএলসি।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২০তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করে মোট ১২ কোটি টাকা সংগ্রহ করবে।
সংগৃহীত অর্থের একটি অংশ ব্যাংকঋণ পরিশোধে, কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ ক্রয়ে এবং অবশিষ্ট অংশ ইস্যুসংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।
বিএসইসি জানিয়েছে, শতভাগ রপ্তানিমুখী এ জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের খ্যাতনামা খুচরা বিক্রেতা রোসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে।
কমিশনের তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে পুনর্মূল্যায়নসহ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৭ টাকা ৫৪ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ছিল ১৫ টাকা ৭৪ পয়সা এবং শেয়ারপ্রতি অর্ধবার্ষিক আয় (ইপিএস) ছিল ৮২ পয়সা।
এই কিউআইওতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া প্রতিষ্ঠানটি ইসি সিকিউরিটিজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে আন্ডাররাইটারের দায়িত্বও পালন করবে।
উল্লেখ্য, দুই বছরের বেশি সময় পর কোনো কোম্পানির কিউআইও প্রস্তাব অনুমোদন করল বিএসইসি। একই সঙ্গে কমিশনের নতুন চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে এটিই প্রথম কিউআইও অনুমোদন।
Posted ৫:১২ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity