নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট
উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং কর্মসংস্থান বজায় রাখতে শাইনপুকুর সিরামিকস পিএলসিকে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় প্রতিষ্ঠানটি সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে শতভাগ (১০০ শতাংশ) মার্জিনে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে পারবে।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শাইনপুকুর সিরামিকসকে এ সুবিধা দিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিধান থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, আইনটির ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে উৎপাদন অব্যাহত রাখা এবং কর্মসংস্থান রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সুবিধার আওতায় শুধু কাঁচামাল আমদানির জন্য সোনালী ব্যাংকের মাধ্যমে ১০০ শতাংশ মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি বিধান ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে না।
তবে এ সুবিধার সঙ্গে কয়েকটি শর্তও যুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। শর্ত অনুযায়ী, কোম্পানির সব ধরনের বিক্রয় আয় ও অন্যান্য প্রাপ্তি একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে এবং সেখান থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ করতে হবে।
এ ছাড়া, এই সুবিধার কারণে সরকার বা বাংলাদেশ ব্যাংকের ওপর কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না। একই সঙ্গে ভবিষ্যতে এ সুবিধার ভিত্তিতে সোনালী ব্যাংক সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান অব্যাহত রাখার স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
Posted ৪:৪৮ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity