নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন পিএলসি (জিপি) ২০২৬ অর্থবছরের জন্য ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ (ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। একই সঙ্গে কোম্পানিটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথম ছয় মাসের নিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা হারে নগদ লভ্যাংশ দেওয়া হবে। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত ছয় মাসে অর্জিত কর-পরবর্তী মুনাফা থেকেই এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিতরণ করা হবে।
এই লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১২ আগস্ট ২০২৬ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন এই তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬২ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৫১ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৫২ পয়সা। ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ১১ টাকা ২১ পয়সা।
আর্থিক প্রতিবেদনে আরও দেখা যায়, ২০২৬ সালের প্রথম ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২২ টাকা ২৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৬ টাকা ৯৪ পয়সা।
এছাড়া, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সা। এক বছর আগে একই সময়ে এ মূল্য ছিল ৪২ টাকা ১৫ পয়সা।
নগদ প্রবাহ কমে যাওয়ার বিষয়ে কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। এর প্রধান কারণ হিসেবে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে পরিশোধের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়াকে দায়ী করেছে গ্রামীণফোন।
Posted ১১:৫০ এএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity