প্রতিদিনের অর্থনীতি রিপোর্ট | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট
অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনে সম্ভাব্য কারসাজির অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তদন্তের আওতায় থাকা কোম্পানিগুলো হলো—এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, জিল বাংলা সুগার মিলস লিমিটেড এবং মালেক স্পিনিং মিলস লিমিটেড।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠানো পৃথক তিনটি চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে কমিশনে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার লেনদেনে কোনো ধরনের সমন্বিত কারসাজি, ইনসাইডার ট্রেডিং বা অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যের (ইউপিএসআই) অপব্যবহার হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি মার্জিন ঋণসংক্রান্ত বিধিমালা ও বিদ্যমান সিকিউরিটিজ আইন যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, সেটিও তদন্তে গুরুত্ব পাবে।
এছাড়া সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও তাদের অনুমোদিত প্রতিনিধিদের ভূমিকা এবং কোনো আইন বা বিধিমালা লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, তাও তদন্তের আওতায় থাকবে।
বিএসইসি এপেক্স উইভিং ও জিল বাংলা সুগার মিলসের শেয়ার লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এবং আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ভূমিকা পর্যালোচনার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য সরবরাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ৮:২৭ পিএম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity