প্রতিদিনের অর্থনীতি রিপোর্ট | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট
নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি ব্যাংকটির শীর্ষ নির্বাহী হিসেবে যোগ দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশ ব্যাংক গত ২৯ জুন তার নিয়োগে অনাপত্তি (এনওসি) দেয়। তারও আগে ২৩ জুন ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাকে এমডি হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করে।
আবেদুর রহমান সিকদার এর আগে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, আর্থিক সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫-এর আওতায় এনে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা ব্যাংকটিতে সরকারের অংশীদারিত্ব রয়েছে ২০ হাজার কোটি টাকা, আর বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর ব্যাংকটিকে কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বর্তমানে আমানত সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর গ্রাহকদের প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধের কার্যক্রম চলমান রয়েছে।
Posted ১১:৩৮ এএম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity