শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকায় শুরু জাতীয় ফার্নিচার মেলা, রফতানি বাড়াতে উদ্ভাবনের আহ্বান

  |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   211 বার পঠিত

ঢাকায় শুরু জাতীয় ফার্নিচার মেলা, রফতানি বাড়াতে উদ্ভাবনের আহ্বান

রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘২০তম জাতীয় ফার্নিচার মেলা-২০২৫’। ‘আমার দেশ, আমার আশা দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ স্লোগানে আয়োজিত এ মেলা দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বিগত সরকারের সময় অর্থনীতিতে বুদবুদের সৃষ্টি হয়েছিল। তাই এখন অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সংকোচনমূলক নীতি নিতে হয়েছে। তবে আশা করছি, চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে।”

তিনি আরও বলেন, “ফার্নিচারের ফাংশনাল ও এসথেটিক দিকগুলোতে এখনো উদ্ভাবনের ঘাটতি আছে। ব্যবসায়ীদের উচিত উদ্ভাবন ও ডিজাইনে বেশি মনোযোগ দেওয়া। সরকার শিল্পোন্নয়নে নীতিগত সহায়তা অব্যাহত রাখবে।”

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, “রফতানি বহুমুখীকরণের কোনো বিকল্প নেই। ফার্নিচার শিল্প কর্মসংস্থান সৃষ্টি ও সম্ভাবনাময় খাত হিসেবে দ্রুত এগোচ্ছে। এখন প্রয়োজন আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ানো। সৃজনশীলতা, নকশা ও মান ধরে রাখতে পারলে ফার্নিচার খাত রফতানিতে নতুন দিগন্ত তৈরি করতে পারবে।”

তিনি আরও জানান, সরকার এখন রফতানি খাতের জন্য নীতি প্রণয়নে ‘অ্যান্টি এক্সপোর্ট বায়াসড’ অবস্থান থেকে সরে আসছে এবং ফার্নিচার শিল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আখতারুজ্জামান বলেন, “ভিয়েতনাম ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় একসময় পিছিয়ে ছিলাম, কারণ তারা ভর্তুকি পেত। এখন আমরাও সেই সুবিধা পাচ্ছি। আশা করি, আগামী পাঁচ বছরে রফতানিতে আমরা শীর্ষে থাকতে পারব।”

মেলার আয়োজকরা জানান, দেশীয় ফার্নিচার শিল্প এখন দেশের শতভাগ চাহিদা পূরণ করছে এবং উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বিদেশে রফতানি হচ্ছে। এবারের মেলার মূল লক্ষ্য হলো স্থানীয় ফার্নিচার শিল্পের বিকাশ ও রফতানি বাজার সম্প্রসারণ।

আইসিসিবির গুলনকশা, পুষ্পগুচ্ছ ও রাজদর্শন হলে অনুষ্ঠিত এ মেলায় ৪৮টি শীর্ষ ফার্নিচার ব্র্যান্ড অংশ নিচ্ছে। ২৭৮টি স্টলে প্রদর্শিত হচ্ছে সর্বাধুনিক নকশা ও প্রযুক্তিনির্ভর ফার্নিচার। অংশগ্রহণকারী ব্র্যান্ডের মধ্যে রয়েছে—আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসি।

মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার, পার্টনার হিসেবে আছে অ্যাকসেস ইনফোটেক। পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

 

প্রতিদিনের অর্থনীতি/এসইউ
Facebook Comments Box
advertisement

Posted ৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com