প্রতিদিনের অর্থনীতি | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল-মাহমুদ (মাহিন)। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির ১১৫তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ উদ্যোক্তা মাহমুদ দেশের শিল্পখাতের পরিচিত নাম। তিনি মাহিন গ্রুপের প্রতিষ্ঠাতা। তাঁর উদ্যোগে ১৯৯৩ সালে মাহিন অ্যাপারেলস লিমিটেড এবং ১৯৯৬ সালে হামিদ ফেব্রিক্স লিমিটেড প্রতিষ্ঠিত হয়। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাকওয়ার্ড লিংকেজ বা অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
শিল্পখাতে সফলতার পাশাপাশি বীমা খাতেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। ২০০০ সালে তিনি ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বিজিএমইএ’র পরিচালক এবং বিটিএমএ’র সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
ব্যবসায়িক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা লাভ করেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের ‘কর বাহাদুর’ পুরস্কারেও ভূষিত হন। করপোরেট কার্যক্রমের বাইরে শিক্ষা ও সংস্কৃতি বিকাশেও তিনি ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
Posted ২:৫৮ পিএম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity