তরুণ প্রজন্মকে বীমার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান আইডিআরএ‘র চেয়ারম্যানের

  |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

তরুণ প্রজন্মকে বীমার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান আইডিআরএ‘র চেয়ারম্যানের
Share

তরুণ প্রজন্মকে বীমার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে আয়োজিত “ইন্স্যুরেন্স সেক্টরের সম্ভাবনা ও ক্যারিয়ার সুযোগ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বীমা প্রত্যেকের ভবিষ্যৎ সুরক্ষিত রাখে। ব্যক্তিগত ও জাতীয় আর্থিক স্থিতিশীলতার জন্য বীমা অপরিহার্য। তিনি আরও বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে শিক্ষা ও স্বাস্থ্যবীমা সম্প্রসারণ এখন সময়ের দাবি।

সেমিনারে বাংলাদেশের বীমা খাতকে আধুনিক, টেকসই ও তরুণ প্রজন্মের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে অধিকসংখ্যক অ্যাকচুয়ারি তৈরি, স্বাস্থ্য ও শিক্ষা বীমা সম্প্রসারণ এবং খাতের সার্বিক আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ। তিনি বলেন, বীমা খাতের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে শিক্ষার পাঠ্যক্রমের সমন্বয় ঘটাতে শিল্প ও শিক্ষাক্ষেত্রের মধ্যে ঘনিষ্ঠ সংলাপ প্রয়োজন।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ উসমান ইমাম বলেন, দেশে জীবনবীমার গ্রাহক সংখ্যা ক্রমশ কমছে। তাই বীমা খাতে টেকসই কার্যক্রম, উদ্ভাবনী পণ্য ও শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো জরুরি।

আইডিআরএ-এর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক বলেন, বিশ্বব্যাপী অ্যাকচুয়ারি একটি মর্যাদাপূর্ণ ও উচ্চমানের কারিগরি পেশা। কিন্তু বাংলাদেশে এখনো মাত্র চার থেকে পাঁচজন অ্যাকচুয়ারি আছেন। তিনি শিক্ষার্থীদের আইডিআরএ’র অ্যাকচুয়ারি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এ যুক্ত হয়ে এই সম্ভাবনাময় পেশায় ক্যারিয়ার গড়ার আহ্বান জানান।

আন্তর্জাতিক ব্যবসা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া বলেন, নিম্ন বেতন কাঠামো ও ডিজিটাল সেবার সীমাবদ্ধতার কারণে দক্ষ স্নাতকরা বীমা খাতে আগ্রহ হারাচ্ছেন। তিনি বেতন কাঠামো পুনর্বিন্যাস ও পুনর্বীমার সুযোগ সম্প্রসারণের পরামর্শ দেন, যাতে খাতটি আরও প্রতিযোগিতামূলক হয়।

অধ্যাপক হাসিনা শেখ তার বক্তব্যে বলেন, কার্যকর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি জাতীয় পর্যায়ে স্বাস্থ্যবিমা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সেমিনারে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্ম যদি বীমা খাত সম্পর্কে সচেতন হয় ও এতে ক্যারিয়ার গড়তে আগ্রহী হয়, তবে দেশের আর্থিক অন্তর্ভুক্তি, সামাজিক সুরক্ষা এবং টেকসই উন্নয়ন আরও গতিশীল হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:০৪ পিএম | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com