জ্যেষ্ঠ প্রতিবেদক | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট
সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও মূল বার্তাকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকেও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের সুযোগ থাকবে না।
এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষ্ঠানের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, মূল বার্তা ও প্রাসঙ্গিক বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা যায়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অতীব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে এবং তা অনতিবিলম্বে কার্যকর করতে হবে।
Posted ১:১৭ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity