বুধবার থেকে সরকারি রাজস্ব জমায় এ-চালান বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট

বুধবার থেকে সরকারি রাজস্ব জমায় এ-চালান বাধ্যতামূলক
Share

সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে এ-চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন অর্থবছরের শুরু থেকে কোনো সরকারি দপ্তর বা সংস্থা এ-চালানের বাইরে অন্য কোনো মাধ্যমে রাজস্ব বা সরকারি অর্থ গ্রহণ করতে পারবে না।

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সরকারি অর্থ দ্রুত ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছর থেকে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও অধীনস্থ দপ্তরকে বাধ্যতামূলকভাবে এ-চালান ব্যবস্থার মাধ্যমে সরকারি অর্থ গ্রহণ করতে হবে। বর্তমানে সরকারি অর্থ সংগ্রহে ব্যবহৃত অন্য কোনো পৃথক ব্যবস্থা থাকলে তা বন্ধ করতে হবে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন হিসাবে থাকা সরকারি অর্থও নির্ধারিত সময়ের মধ্যে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ বিভাগ জানিয়েছে, এ-চালান চালুর পর সরকারি অর্থ সংগ্রহে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ-চালানের মাধ্যমে ৪ লাখ ৭ হাজার ২২৫ কোটি ৯৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। একই সময়ে ৬ কোটি ৭৫ লাখের বেশি চালান প্রক্রিয়াকরণ হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০১৯-২০ অর্থবছরে মাত্র ১৭টি চালান দিয়ে যাত্রা শুরু করা এ-চালান প্ল্যাটফর্মে গত সাত বছরে ১৯ কোটির বেশি চালান প্রক্রিয়াকরণ হয়েছে। এ সময়ে সরকারি কোষাগারে জমা হয়েছে ১০ লাখ ৬৩ হাজার কোটি টাকারও বেশি।

বর্তমানে বাংলাদেশ ব্যাংক ও সব তফসিলি ব্যাংকের শাখা, ইন্টারনেট ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপ এবং ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজেই সরকারি ফি ও রাজস্ব জমা দেওয়া যাচ্ছে।

অর্থ বিভাগের মতে, এ-চালান পুরোপুরি বাস্তবায়িত হলে সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা হবে। ফলে সরকারের নগদ অবস্থান রিয়েল-টাইমে পর্যবেক্ষণ, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত, রাজস্ব ব্যবস্থাপনা আরও দক্ষ করা এবং ভুয়া চালান ও রাজস্ব ফাঁকির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:১১ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com