নির্বাচনেও স্বাভাবিক থাকবে মেট্রোরেল, ভোটের দিন মিলবে বাড়তি ট্রেন সুবিধা

  |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নির্বাচনেও স্বাভাবিক থাকবে মেট্রোরেল, ভোটের দিন মিলবে বাড়তি ট্রেন সুবিধা
Share

আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এ সময় টানা চার দিনের ছুটি পাচ্ছে দেশবাসী।

এই ছুটির মধ্যেও রাজধানীর যাত্রীসেবায় কোনো বিঘ্ন না ঘটাতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পাশাপাশি, নির্বাচনের দিন অতিরিক্ত ট্রেন পরিচালনার ব্যবস্থাও রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি জানান, ছুটির দিনগুলোতে মেট্রোরেল স্বাভাবিক কর্মদিবসের সময়সূচি অনুযায়ী চলবে। ভোটগ্রহণের দিন যাত্রীচাপ বিবেচনায় বাড়তি ট্রেন সংযোজন করা হবে।

তবে নিরাপত্তার স্বার্থে যেসব মেট্রো স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে কাছাকাছি, সেগুলো বন্ধ রাখা হবে। অন্য গেটগুলো দিয়ে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার সুযোগ থাকবে।

নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল সেবা নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন ও রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব বিভাগে নিয়োজিতদের ছুটি বাতিল থাকবে, বিশেষ ও জরুরি ক্ষেত্র ছাড়া। একই সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ২ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি ভোটের দিনে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত, অর্থাৎ ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজন ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৫৩ পিএম | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com