জ্বালানি দামের প্রভাবে বাসভাড়া বাড়ল, কিলোমিটারে যুক্ত হলো ১১ পয়সা

প্রতিদিনের অর্থনীতি   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

জ্বালানি দামের প্রভাবে বাসভাড়া বাড়ল, কিলোমিটারে যুক্ত হলো ১১ পয়সা
Share

ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন হারে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ছে, যা আজ থেকেই কার্যকর হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। একই হারে আন্তঃজেলা পরিবহনেও ভাড়া সমন্বয় করা হবে। তবে এই বৃদ্ধি কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে; সিএনজিচালিত বাস এর আওতার বাইরে থাকবে।

বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ হার আরও বাড়বে।

মন্ত্রী আরও জানান, জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় রেখে ভবিষ্যতেও ভাড়া পুনর্নির্ধারণ করা হবে। তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে, আর বাড়লে পুনরায় সমন্বয় করা হবে। তবে আপাতত রেল ও নৌপথে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়াসহ ডলারের ঊর্ধ্বগতির কারণে যানবাহনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে গেছে। এ পরিস্থিতিতে ভাড়া সমন্বয় না করলে খাতটির স্থিতিশীলতা ধরে রাখা কঠিন হয়ে পড়ছিল।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর উদ্যোগে মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি আলোচিত হয়। সেই ধারাবাহিকতায় চূড়ান্ত এই সিদ্ধান্ত নেওয়া হলো।

উল্লেখ্য, গত সপ্তাহেই সরকার ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, যা পরিবহন খাতে সরাসরি প্রভাব ফেলেছে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৩১ পিএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com