শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারে অনিয়ম জানালে সুরক্ষা ও প্রণোদনা, বিএসইসির নতুন বিধিমালা

  |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট

পুঁজিবাজারে অনিয়ম জানালে সুরক্ষা ও প্রণোদনা, বিএসইসির নতুন বিধিমালা
Share

পুঁজিবাজারে অনিয়ম, দুর্নীতি ও কারসাজির তথ্য প্রকাশকারীদের আইনি সুরক্ষা দিতে নতুন বিধিমালার খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্যদাতার সুরক্ষা বিধিমালা, ২০২৬’ শিরোনামের এ খসড়া ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কমিশন সভায় পাস হয়। একই সঙ্গে প্রস্তাবিত বিধিমালা নিয়ে দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের মতামত, আপত্তি ও পরামর্শ আহ্বান করা হয়েছে।

বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তালিকাভুক্ত কোম্পানি, বাজার মধ্যস্থতাকারী বা নিবন্ধিত ফান্ডে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে নানা ধরনের অনিয়ম—যেমন সিকিউরিটিজ আইন লঙ্ঘন, প্রতারণা, ইনসাইডার ট্রেডিং, বাজার কারসাজি, অর্থ আত্মসাৎ বা পাচার—ঘটতে পারে। এসব বিষয়ে যেকোনো ব্যক্তি প্রমাণসহ তথ্য দিতে পারবেন।

খসড়া বিধিমালায় তথ্য জমা দেওয়ার জন্য নির্ধারিত ফরমের কথা বলা হয়েছে। তথ্যদাতা লিখিতভাবে, সরাসরি, ডাকযোগে কিংবা ইলেকট্রনিক মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন, তবে তা সমর্থনে প্রাথমিক প্রমাণ থাকতে হবে।

এতে তথ্যদাতার পরিচয় গোপন রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো চাকরিজীবী এ ধরনের তথ্য দিলে তার বিরুদ্ধে প্রশাসনিক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না—এমন সুরক্ষাও যুক্ত করা হয়েছে, যাতে তার পেশাগত বা সামাজিক ক্ষতি না হয়।

প্রণোদনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে এ খসড়ায়। তথ্যের ভিত্তিতে জরিমানা বা অর্থ আদায় হলে সংশ্লিষ্ট তথ্যদাতাকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত অর্থ দেওয়া যেতে পারে, তবে এই পরিমাণ ১০ কোটি টাকার বেশি হবে না।

এছাড়া তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের জন্য নির্দিষ্ট প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে। গোপন রেজিস্টারে তথ্যদাতার তথ্য সংরক্ষণ, প্রাথমিক যাচাই, তদন্ত এবং চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন তৈরির জন্য ধাপে ধাপে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হবে। তথ্য ফাঁস হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় বহনের বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:০০ এএম | সোমবার, ০২ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com