| রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট
উৎপাদন সক্ষমতা বাড়াতে তিন সেট নতুন যন্ত্রপাতি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সাম্প্রতিক বৈঠকে কার্টন উৎপাদন প্ল্যান্ট ও খাদ্য শিল্পের জন্য আধুনিক মেশিনারিজ আমদানি ও স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে দুটি নতুন কার্টন উৎপাদন প্ল্যান্টের জন্য যন্ত্রপাতি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এসব যন্ত্রপাতির মাধ্যমে বছরে প্রায় ৩১ কোটি ৫৪ লাখ পিস কার্টন উৎপাদন করা সম্ভব হবে।
দুই সেট কার্টন উৎপাদন যন্ত্রপাতি আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার সমপরিমাণ। প্রতিটি সেটের উৎপাদন সক্ষমতা বছরে প্রায় ১৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার পিস এবং সর্বোচ্চ প্রিন্টিং এরিয়া হবে ৯০০ × ২০৫০ মিলিমিটার। এসব যন্ত্রপাতি নারায়ণগঞ্জের কুতুবপুরে অবস্থিত কোম্পানির কারখানায় স্থাপন করা হবে।
এছাড়া খাদ্য শিল্পের জন্য একটি নতুনডিম ধোয়া ও ভাঙার মেশিন (এগ ওয়াশিং অ্যান্ড ব্রেকিং মেশিন) কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। প্রায় ৪৬ হাজার মার্কিন ডলার ব্যয়ে কেনা এই মেশিনটির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১৭৫.২০ মিলিয়ন পিস।
কোম্পানির তথ্যমতে, নতুন এই মেশিনটি নারায়ণগঞ্জের ললাতিতে অবস্থিত কারখানায় স্থাপন করা হবে।
Posted ২:১৮ পিএম | রবিবার, ০৮ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity