প্রতিদিনের অর্থনীতি | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকিং কার্যক্রমে সময়সীমা কমিয়ে নতুন সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের লেনদেন সময় প্রতিদিন এক ঘণ্টা কমিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) জারি করা নির্দেশনায় বলা হয়, ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পূর্বে যেখানে লেনদেন চলত বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত, সেখানে এখন সামগ্রিক সময়সূচিতে এক ঘণ্টার কাটছাঁট আনা হয়েছে।
এই পরিবর্তন কার্যকর হবে ৫ এপ্রিল থেকে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। সরকারের জ্বালানি সাশ্রয় উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস জোনে) ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু থাকবে।
এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের অফিস সময় এক ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যকর হয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখা এবং বিয়ে বাড়িতে আলোকসজ্জা সীমিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
Posted ৪:২৮ পিএম | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity