শিরোনাম >>
শিরোনাম >>

চেক নিষ্পত্তি ও ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি, জানালো বাংলাদেশ ব্যাংক

প্রতিদিনের অর্থনীতি   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

চেক নিষ্পত্তি ও ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি, জানালো বাংলাদেশ ব্যাংক
Share

জ্বালানি সাশ্রয় ও কার্যক্রমে শৃঙ্খলা আনতে ব্যাংকিং খাতে লেনদেন ও চেক নিষ্পত্তির সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী ক্লিয়ারিং হাউজ, আরটিজিএস ও অন্যান্য পেমেন্ট প্ল্যাটফর্ম নির্দিষ্ট সময় মেনে পরিচালিত হবে।

রোববার (৫ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক জানায়, ৪ এপ্রিল জারি করা এক নির্দেশনায় ব্যাংকিং লেনদেন ও চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী দেশের সব ব্যাংকে কার্যক্রম ইতোমধ্যে নতুন সময় অনুযায়ী শুরু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আওতায় পরিচালিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)—এই তিনটি প্ল্যাটফর্মে লেনদেন নির্ধারিত সময় মেনে সম্পন্ন হবে।

নতুন নিয়ম অনুযায়ী, বিএসিএইচ-এর মাধ্যমে ৫ লাখ টাকার বেশি অঙ্কের হাই ভ্যালু চেক দুপুর ১২টার মধ্যে জমা দিতে হবে এবং তা দুপুর ২টার মধ্যে নিষ্পত্তি হবে। অন্যদিকে ৫ লাখ টাকার কম রেগুলার ভ্যালুর চেক সকাল সাড়ে ১২টার মধ্যে জমা দিলে সেগুলো বিকেল ৪টার মধ্যে নিষ্পত্তি করা হবে।

আরটিজিএস-এর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহক পর্যায়ে অনলাইন লেনদেন করা যাবে বিকেল ৪টা পর্যন্ত এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন নিষ্পত্তি বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত করা সম্ভব হবে।

বিইএফটিএন সেবা আগের সময়সূচি অনুযায়ী অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় এক ঘণ্টা কমানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে, চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের অফিস সময় পুনর্নির্ধারণ করে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে এবং সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:১২ পিএম | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com