নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | প্রিন্ট
মূলধন ভিত্তি আরও শক্তিশালী করতে এবং পরিবেশবান্ধব খাতে অর্থায়ন বাড়াতে ১ হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বুধবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৫৮৪তম সভায় এ বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, সম্পূর্ণ রিডিমেবল এবং ফ্লোটিং কুপন রেটভিত্তিক। ৭ বছর মেয়াদি এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
সংগৃহীত অর্থ ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পে বিনিয়োগে ব্যবহার করা হবে। বিশেষ করে বাসেল-৩ নীতিমালার আলোকে মূলধন সক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহ এবং গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে ব্যাংক এশিয়ার এই উদ্যোগ ইতিবাচক বার্তা দেবে। তবে বন্ড ইস্যুর আগে বিএসইসি ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।
Posted ৪:৩৫ পিএম | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity