নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় ব্যাংক ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ব্র্যাক ব্যাংক ও এনআরবি কর্মাশিয়াল ব্যাংকের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে। অন্যদিকে ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক ও ঢাকা ব্যাংকের আগের বছরের তুলনায় আয় কমেছে। আর ইসলামী ব্যাংক প্রথম প্রান্তিকে লোকসানে পড়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর পরিচালন নগদ প্রবাহেও ওঠানামা দেখা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্র্যাক ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ২ টাকা ৯০ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ২ টাকা ২ পয়সা। তবে সমন্বিত শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে ৩৩ টাকা ৪৮ পয়সায় নেমেছে, যা আগের বছর ছিল ৪৮ টাকা ৩৫ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৬ টাকা ১২ পয়সা, যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ৫১ টাকা ৫৬ পয়সা।
এনআরবিসি ব্যাংকের ইপিএস বেড়ে ১৩ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৮ পয়সা। ব্যাংকটির সমন্বিত পরিচালন নগদ প্রবাহও ঋণাত্মক অবস্থা থেকে ইতিবাচক ধারায় ফিরেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এনওসিএফপিএস হয়েছে ৬৩ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ঋণাত্মক ৫ টাকা ৬৩ পয়সা। ব্যাংকটির সমন্বিত এনএভি বেড়ে হয়েছে ১৬ টাকা ৯৫ পয়সা, যা এক বছর আগে ছিল ১৬ টাকা ৭৪ পয়সা। ব্যাংকটির মতে, বিনিয়োগ আয় বৃদ্ধি এবং প্রভিশন কমে যাওয়ায় মুনাফি বেড়েছে।
অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস কমে ২৯ পয়সায় নেমে এসেছে, যা আগের বছর ছিল ৮৪ পয়সা। পরিচালন নগদ প্রবাহও ইতিবাচক অবস্থান থেকে ঋণাত্মকে নেমে গেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির এনওসিএফপিএস হয়েছে ঋণাত্মক ১৫ টাকা ৫৭ পয়সা, যেখানে আগের বছর ছিল ১ টাকা ৬৪ পয়সা। তবে ব্যাংকটির এনএভি বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৭৩ পয়সায়, যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ২৪ টাকা ৩৫ পয়সা। ব্যাংকটি জানিয়েছে, প্রভিশনের আগে মুনাফা কমে যাওয়ায় ইপিএস হ্রাস পেয়েছে।
ঢাকা ব্যাংকের ইপিএস কমে ৫৬ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৮০ পয়সা। একই সঙ্গে পরিচালন নগদ প্রবাহ ইতিবাচক অবস্থা থেকে ঋণাত্মকে নেমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির এনওসিএফপিএস হয়েছে ঋণাত্মক ৭ টাকা ১৬ পয়সা, যেখানে আগের বছর ছিল ১২ টাকা ৭৮ পয়সা। তবে এনএভি বেড়ে হয়েছে ২৪ টাকা ৩৭ পয়সা, যা এক বছর আগে ছিল ২২ টাকা ৪১ পয়সা।
ব্যাংক এশিয়ার ইপিএস কমে ৯৮ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৯ পয়সা। তবে পরিচালন নগদ প্রবাহ বেড়ে হয়েছে ৩০ টাকা ৭২ পয়সা, যা আগের বছর ছিল ২৬ টাকা ৬০ পয়সা। একই সঙ্গে ব্যাংকটির এনএভি বেড়ে ২৯ টাকা ৬ পয়সায় দাঁড়িয়েছে, যা এক বছর আগে ছিল ২৬ টাকা ৬৭ পয়সা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ৭৯ পয়সা লোকসান করেছে। আগের বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ১৮ পয়সা। তবে পরিচালন নগদ প্রবাহে বড় উন্নতি হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির এনওসিএফপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, যেখানে আগের বছর ছিল ঋণাত্মক ১৬ টাকা ১৬ পয়সা। তবে এনএভি কমে দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৬ পয়সায়, যা আগের বছর ছিল ৪৪ টাকা ৩১ পয়সা।
Posted ১:৩০ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity