প্রতিদিনের অর্থনীতি ডেস্ক: | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | প্রিন্ট
দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে নিয়ন্ত্রণ ব্যবস্থায় ডিরেগুলেশনের পথে হাঁটছে সরকার। একই সঙ্গে দীর্ঘদিনের আলোচিত কমোডিটি এক্সচেঞ্জ দ্রুত চালুরও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।
বুধবার (১৩ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর প্রধান কার্যালয় পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সিএসই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তানভীর গনি বলেন, দেশের পুঁজিবাজারকে কার্যকর ও প্রতিযোগিতামূলক করতে হলে নিয়ন্ত্রণ কাঠামোয় পরিবর্তন আনতে হবে। বিনিয়োগ ও বাজার পরিচালনার প্রতিটি বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার ওপর অতিনির্ভরতা কমিয়ে বাজারকে আরও স্বাধীনভাবে পরিচালনার সুযোগ দিতে হবে।
তিনি বলেন, “পুঁজিবাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ডিরেগুলেশন প্রয়োজন। কথায় কথায় নিয়ন্ত্রক সংস্থার কাছে যেতে হবে না।”
সভায় তিনি কমোডিটি এক্সচেঞ্জ চালুর উদ্যোগের প্রশংসা করে বলেন, আমদানিনির্ভর অর্থনীতিতে ঝুঁকি ব্যবস্থাপনার জন্য হেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কমোডিটি এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস ট্রেডিং পরিচালনায় উচ্চমাত্রার আর্থিক জ্ঞান প্রয়োজন হলেও নতুন অ্যাসেট ক্লাস চালুর জন্য সিএসই ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
মতবিনিময় সভায় কমোডিটি এক্সচেঞ্জের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান তানভীর গনি। পরে তিনি বলেন, এখন সময় এসেছে কমোডিটি এক্সচেঞ্জের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার। এ ক্ষেত্রে সিএসইর বিকল্প নেই এবং দ্রুত এটি চালুর বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে।
মিউচুয়াল ফান্ড খাতকে আরও সক্রিয় করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। তিনি বলেন, দেশের ইকুইটি মার্কেটের বিনিয়োগকারীদের মধ্যে আর্থিক শিক্ষার ঘাটতি রয়েছে। এ কারণে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ, কর্মশালা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে কমোডিটি ডেরিভেটিভস বিষয়ে সিএসইর উদ্যোগগুলোরও প্রশংসা করেন তিনি।
সভায় সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এক্সচেঞ্জটির সামগ্রিক কার্যক্রম ও বাজার পরিস্থিতি তুলে ধরেন। এছাড়া মহাব্যবস্থাপক ও আইটি বিভাগের প্রধান মেজবাহ উদ্দিন কমোডিটি এক্সচেঞ্জের কারিগরি প্রস্তুতি উপস্থাপন করেন। সহকারী মহাব্যবস্থাপক মো. ফয়সাল হুদা কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জের বিভিন্ন দিক বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই চেয়ারম্যান একে এম হাবিবুর রহমান, পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, নাজনীন সুলতানা এবং শাহজাদা মাহমুদ চৌধুরী।
সভায় সিএসই চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, কমোডিটি এক্সচেঞ্জের জন্য ব্রোকার ও বিভিন্ন পণ্যের অনুমোদনের অপেক্ষায় রয়েছে সিএসই।
এসময় সিএসই পরিচালক এমদাদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বক্তব্য কমোডিটি এক্সচেঞ্জ বাস্তবায়নে নতুন আশার সঞ্চার করেছে। তার নেতৃত্বেই দেশের জন্য গুরুত্বপূর্ণ এ মাইলফলক উদ্যোগ বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদী।
Posted ৩:২৭ পিএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity