প্রতিদিনের অর্থনীতি ডেস্ক: | সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট
দেশের পুঁজিবাজারে বিকল্প অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করে প্রথমবারের মতো ডিএসই’র ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে (ইএসএস) উন্মুক্ত হলো একটি প্রাইভেট বন্ড। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে ‘সাজিদা অরেঞ্জ জিরো কুপন বন্ড-এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পরিচালনায় চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার (১৮ মে) রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ডিএসই’র ইএসএস প্ল্যাটফর্মে বন্ডটির সাবস্ক্রিপশন শুরু হয়েছে ১৮ মে এবং চলবে ২৩ মে ২০২৬ পর্যন্ত। যোগ্য বিনিয়োগকারীদের জন্য এটি ইএসএস প্ল্যাটফর্মে উন্মুক্ত হওয়া প্রথম প্রাইভেট বন্ড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, সাজিদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মোঃ ফজলুল হক এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, ‘সাজিদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’-এর মোট অভিহিত মূল্য ১৫৮ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ৭৫ কোটি ৭৩ লাখ টাকা অভিহিত মূল্যের বন্ড ডিএসই’র ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য অফার করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নুজহাত আনোয়ার বলেন, দেশের জনমিতিক সুবিধা কাজে লাগাতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কাঠামো গড়ে তোলা জরুরি। অরেঞ্জ বন্ডের মতো নতুন ধরনের ইন্সট্রুমেন্ট পুঁজিবাজারে বিকল্প অর্থায়নের সুযোগ বাড়াবে।
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী সৈয়দ রাশেদ হোসাইন বলেন, এই বন্ডের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন থিমেটিক বন্ড বাজারের ভিত্তি তৈরি হচ্ছে। এটি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সামাজিক প্রভাব ও আর্থিক রিটার্ন-দুই ধরনের সুযোগ সৃষ্টি করবে।
অন্যদিকে সাজিদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক বলেন, নারীদের আর্থিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই “অরেঞ্জ জিরো কুপন বন্ড” বাস্তবায়ন করা হয়েছে। তিনি জানান, গত তিন দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি নারীর উন্নয়ন ও আয় বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
জিরো-কুপন কাঠামোর এ বন্ড ১ বছর, ২ বছর ও ৩ বছর মেয়াদে বিনিয়োগের সুযোগ দিচ্ছে, ফলে বিনিয়োগকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বেছে নিতে পারবেন।
Posted ৫:০৮ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity