নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট
দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন সিরিজের ১ হাজার, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে নতুন ডিজাইনের এসব নোট ইস্যু কার্যক্রম শুরু হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক সিরিজের নতুন এসব নোটে গভর্নর মোস্তাকুর রহমান-এর স্বাক্ষর সংযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রথম ধাপে ১ হাজার, ৫০০ ও ১০ টাকার নোট ইস্যু করা হলেও পর্যায়ক্রমে ২০, ৫০ ও ১০০ টাকার নোটও নতুন স্বাক্ষরসহ বাজারে ছাড়া হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ধাপে ধাপে এসব নোট সরবরাহ করা হবে।
নতুন নোটগুলোর রং, আকার, নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আনা হয়নি বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ আগের সিরিজের নোটগুলোর মতোই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকছে।
এ ছাড়া বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ এবং লেনদেনযোগ্য থাকবে বলে স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক।
Posted ৮:৫০ এএম | মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity