শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংকে ৫ সদস্যের নতুন বোর্ড শিগগিরই

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট

ইসলামী ব্যাংকে ৫ সদস্যের নতুন বোর্ড শিগগিরই
Share

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির জন্য পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ব্যাংকের বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মোহাম্মদ জহির হোসেন। একই সঙ্গে তিনি আমানতকারীদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিক লেনদেন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন।

সোমবার (১৫ জুন) রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হুসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে মোহাম্মদ জহির হোসেন বলেন, বর্তমানে ব্যাংকের কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটার স্বার্থে তিনি এক সদস্যের বোর্ড হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে খুব দ্রুতই পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে।

তিনি বলেন, “পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে যাচাই-বাছাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এমন ব্যক্তিদের দায়িত্বে আনতে চাই, যারা সম্পূর্ণ নিরপেক্ষ, যোগ্য এবং ব্যাংক পরিচালনায় দক্ষ। আশা করছি, খুব শিগগিরই দেশবাসী একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ দেখতে পাবে।”

ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে আমানতকারীদের উদ্দেশে তিনি বলেন, “এখন পেছনে তাকানোর সুযোগ নেই। গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যান এবং ব্যাংকের প্রতি আস্থা রাখুন। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি।”

এদিকে ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন জানান, বাংলাদেশ ব্যাংক থেকে সম্প্রতি আরও ২ হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে ব্যাংকটি।

তিনি বলেন, “গতকালও আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছি। তবে এ অর্থের পুরোটা এখনো ব্যবহার করার প্রয়োজন হয়নি। এটি আমাদের তারল্য পরিস্থিতির উন্নতিরই ইঙ্গিত দেয়।”

তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক সময়ে যারা উদ্বেগের কারণে আমানত তুলে নিয়েছেন, তারা আবারও ব্যাংকের প্রতি আস্থা ফিরে পেয়ে লেনদেনে ফিরে আসবেন।

গ্রাহকদের আস্থা ফেরার ইতিবাচক লক্ষণও দেখা যাচ্ছে বলে জানান আলতাফ হুসাইন। তিনি বলেন, দেশের একটি বড় শাখার তথ্য অনুযায়ী, আগের তুলনায় হিসাব বন্ধের হার প্রায় ৭৫ শতাংশ কমেছে। এটি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ধীরে ধীরে পুনরুদ্ধার হওয়ার ইঙ্গিত বহন করে।

সাবেক চেয়ারম্যানের ব্যবহৃত গাড়ি প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকের নীতিমালা অনুযায়ী চেয়ারম্যান একটি গাড়ি ব্যবহার করেন। অপসারণ সংক্রান্ত চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর গাড়িটি ব্যাংকের কাছে ফেরত নেওয়া হবে।

অন্যদিকে সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে পুনরায় দায়িত্বে ফেরানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ জহির হোসেন বলেন, তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে। ফলে তাকে পুনর্বহালের কোনো সুযোগ নেই।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:১২ পিএম | সোমবার, ১৫ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com