নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | প্রিন্ট
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি দেশের বীমা খাতকে আরও আধুনিক, স্বচ্ছ ও টেকসই করতে ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেছেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে আইডিআরএ কার্যালয়ে আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় তিনি বলেন, দেশের বীমা শিল্পের কার্যকর উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রচলিত পরিপালন-ভিত্তিক (কমপ্লায়েন্স-বেইজড) তদারকি ব্যবস্থা থেকে ঝুঁকি-ভিত্তিক (রিস্ক-বেইজড) তদারকি ব্যবস্থায় উত্তরণ সময়ের দাবি।
মীর নাদিয়া নিভিন বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য এবং একটি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সুস্পষ্ট ভিশন ও কার্যকর পরিকল্পনা অপরিহার্য। সেই লক্ষ্য বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা, বীমা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
![]()
তিনি আরও বলেন, বীমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে দ্রুত ও কার্যকর দাবি নিষ্পত্তি, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে আইডিআরএ আন্তর্জাতিক মানের আধুনিক তদারকি ব্যবস্থা বাস্তবায়নে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব।
এ সময় আইডিআরএর সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে দেশের বীমা খাতে সুশাসন, জবাবদিহি ও গ্রাহকসেবা আরও শক্তিশালী হবে এবং খাতটির আধুনিকায়ন কার্যক্রম নতুন গতি পাবে।
Posted ৫:৫১ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity