নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের জীবন ও সাধারণ বীমা কোম্পানিগুলোর জন্য ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ২.৫০ টাকা হারে আদায়ের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। বীমা খাতের উদ্যোক্তাদের আপত্তি ও ফি কমানোর দাবি উপেক্ষা করেই এ সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ফলে আগামী বছর থেকে বীমা কোম্পানিগুলোকে বর্ধিত হারে নবায়ন ফি পরিশোধ করতে হবে।
মঙ্গলবার (২৩ জুন) জারি করা এক অফিসিয়াল নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা-২ শাখা থেকে জারি করা চিঠিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানকে বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২-এর বিধি ৩(২) অনুযায়ী সর্বশেষ সংশোধিত সরকারি গেজেটে নির্ধারিত হার ও সময়সীমা অনুসরণ করে ফি আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৬ এপ্রিল আইডিআরএ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছিল, ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে কত হারে আদায় করা হবে। ওই চিঠির পরিপ্রেক্ষিতেই এফআইডি তাদের অবস্থান স্পষ্ট করে নতুন নির্দেশনা জারি করেছে।
জানা গেছে, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি প্রকাশিত এক সরকারি গেজেটের মাধ্যমে বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১ টাকা থেকে বাড়িয়ে ২.৫০ টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ ফি আড়াই গুণ বৃদ্ধি পায়। এ সিদ্ধান্তের পর থেকেই বেসরকারি বীমা কোম্পানিগুলো এর বিরোধিতা করে আসছিল।
বীমা কোম্পানিগুলোর দাবি, ফি বৃদ্ধির ফলে খাতটির ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। তাদের হিসাবে, ১০০ কোটি টাকা গ্রস প্রিমিয়াম সংগ্রহকারী একটি কোম্পানির বার্ষিক নিবন্ধন নবায়ন ফি ১০ লাখ টাকা থেকে বেড়ে ২৫ লাখ টাকায় উন্নীত হবে। এ কারণে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) বর্ধিত ফি প্রত্যাহার বা পুনর্বিবেচনার দাবি জানায়।
তবে আইডিআরএ বলছে, নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালন ব্যয় নিজস্ব আয় থেকেই বহন করতে হয়। সাম্প্রতিক সময়ে বীমা খাতে ডিজিটালাইজেশন কার্যক্রম, ন্যাশনাল কোর ইন্স্যুরেন্স সলিউশন বাস্তবায়ন এবং নতুন বিভিন্ন প্রতিষ্ঠান ও অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় তাদের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব কার্যক্রম পরিচালনার জন্য আয় বৃদ্ধির প্রয়োজনীয়তা থেকেই নিবন্ধন নবায়ন ফি বাড়ানো হয়েছে।
এফআইডির সর্বশেষ নির্দেশনার ফলে বীমা কোম্পানিগুলোর ফি কমানোর দাবি আপাতত নাকচ হয়ে গেল। এখন আইডিআরএকে নির্ধারিত হার অনুযায়ী ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি আদায়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Posted ৮:২৯ পিএম | বুধবার, ২৪ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity