প্রতিদিনের অর্থনীতি ডেস্ক: | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা অব্যাহত রাখতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সঙ্গে তৃতীয় মেয়াদের জন্য চুক্তি নবায়ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার অধ্যাপক মো. মতিয়ার রহমান। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের এসইভিপি (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ও লাইফ বীমা প্রকল্প পরিচালনা কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ভিপি ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন সরকার, রাজশাহী অফিসের ডিএমডি (ইনচার্জ) মো. নাহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
নবায়নকৃত চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনডোর (আইপিডি) ও আউটডোর (ওপিডি) চিকিৎসার জন্য নির্ধারিত স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। পাশাপাশি কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তার মনোনীত অভিভাবক নির্ধারিত পরিমাণ জীবন বীমার দাবির অর্থ গ্রহণ করতে পারবেন।
শিক্ষার্থীদের সুবিধার্থে স্বাস্থ্য বীমার ই-কার্ড সেবাও চালু থাকবে। এর মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণ, বীমা দাবি দাখিল এবং নিষ্পত্তির পুরো প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে। বীমা-সংক্রান্ত সব দাবি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য গ্রুপ স্বাস্থ্য ও জীবন বীমা কর্মসূচি প্রথম চালু হয় ২০২২ সালে। সফল বাস্তবায়ন, সহজ সেবাপ্রদান এবং শিক্ষার্থীদের ইতিবাচক সাড়ার ধারাবাহিকতায় ২০২৪ সালের পর ২০২৬ সালে তৃতীয় মেয়াদের জন্যও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে।-বিজ্ঞপ্তি
Posted ১:৫৮ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity