নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট
পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় ২০২৪ সালের শুরু থেকে বন্ধ রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানা পুনরায় সচল করতে নতুন যন্ত্রপাতি সংগ্রহ এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ের উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।
বুধবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
কোম্পানির দেওয়া তথ্যমতে, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এমারেল্ড অয়েলের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। উৎপাদন বন্ধের পর দীর্ঘ সময় পার হলেও এখন কারখানা সচল করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে পরিচালনা পর্ষদ।
কারখানা পুনরায় চালুর প্রস্তুতির অংশ হিসেবে কোম্পানির ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে উৎপাদন কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্বও ব্যবস্থাপনাকে দেওয়া হয়েছে।
ইতোমধ্যে একটি নতুন বয়লার, একটি ট্রান্সফরমার এবং একটি বৈদ্যুতিক সাবস্টেশন সংগ্রহ করেছে কোম্পানিটি। বর্তমানে এসব যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। পাশাপাশি রিফাইনারি ইউনিটসহ কারখানার অন্যান্য প্ল্যান্ট ও যন্ত্রপাতির সংস্কার এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে।
কোম্পানির হিসাবে, নতুন যন্ত্রপাতি সংগ্রহ এবং কারখানার সংস্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ মোট ব্যয় প্রায় ১০ কোটি টাকা হতে পারে। এসব কাজ শেষ হওয়ার পর কারখানার উৎপাদন পুনরায় শুরু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে এমারেল্ড অয়েল।
Posted ১:০১ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity