প্রতিদিনের অর্থনীতি রিপোর্ট | শনিবার, ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। নির্ধারিত দিনে ফল প্রকাশের প্রস্তুতি থাকলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের সম্ভাব্য সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তবে নতুন তারিখ এখনো চূড়ান্ত না হলেও চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শনিবার (১৮ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যে প্রস্তুতি চলছিল। তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। এজন্য ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, চলতি জুলাই মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে।
এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে সর্বশেষ পরিস্থিতিতে সেই সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
এদিকে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
Posted ১:৪৯ পিএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity