শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে ব্যাংক পরিচালনা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ জুন ২০২৬   |   প্রিন্ট

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে ব্যাংক পরিচালনা
Share

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির সাম্প্রতিক অস্থিরতা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালকের কাছে ন্যস্ত করা হয়েছে।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশীদ আলমসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে। ব্যাংকটির স্বার্থ, আমানতকারীদের নিরাপত্তা এবং জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি ব্যাংকের পরিচালনা কার্যক্রম তদারকি করবেন।

এর আগে একই দিন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গভর্নর ড. মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন। এতে ব্যাংকের চলমান দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকরা অংশ নেন।

বৈঠকে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকের বর্তমান তারল্য পরিস্থিতি, গ্রাহকদের আমানত উত্তোলনের চাপ এবং সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে গভর্নরকে অবহিত করেন।

সম্প্রতি নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে অস্থিরতা সৃষ্টি হয়। এর প্রভাবে গ্রাহকদের একাংশ ব্যাপক হারে আমানত তুলে নেওয়ায় ব্যাংকটির তারল্যের ওপর চাপ তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগের পর থেকেই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার এবং গ্রাহকদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এদিকে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, বিতর্কিত নিয়োগ ব্যাংকের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। দাবি পূরণ না হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:২৪ পিএম | রবিবার, ১৪ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com