নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | প্রিন্ট
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ধরনের প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২ মার্চ আইডিআরএ’র চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করার পর পদটি শূন্য ছিল। এরপর চেয়ারম্যান ও সদস্য নিয়োগ-সংক্রান্ত আইন সংশোধন করে গত ৫ মে গেজেট প্রকাশ করা হয়। সংশোধিত আইনে চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বয়সসীমা তুলে দেওয়া হলেও অভিজ্ঞতার শর্ত বহাল রাখা হয়।
মীর নাদিয়া নিভিন অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন। এছাড়া তিনি ২০২৫ সালের অক্টোবর থেকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কর্মজীবনে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশ সরকারের এটুআই কর্মসূচি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন। নির্বাচন ব্যবস্থা, সুশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন ও নীতিনির্ধারণী কার্যক্রমে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।
Posted ৭:১১ পিএম | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity