নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট
শ্রমিক অসন্তোষের কারণে কয়েক দিন উৎপাদন কার্যক্রম বন্ধ থাকার পর সীমিত পরিসরে আবার উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেড। তবে কারখানার উৎপাদন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি; তা বিরতিহীন নয়, ধাপে ধাপে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি।
রোববার (৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি এ তথ্য প্রকাশ করে। এর আগে গত ২২ জুন উৎপাদন কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছিল ডিএসই।
ডিএসইর প্রশ্নের জবাবে ফু-ওয়াং ফুডস জানায়, শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় কয়েক দিন উৎপাদন ব্যাহত ছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বর্তমানে সীমিত আকারে উৎপাদন চালু করা হয়েছে। তবে উৎপাদন কার্যক্রম এখনো অনিয়মিতভাবে চলছে।
ফু-ওয়াং ফুড খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে কার্যক্রম পরিচালনা করে। কোম্পানিটি কেক, ব্রেড, বিস্কুট, টোস্ট, স্ন্যাকস ও ইনস্ট্যান্ট নুডলসসহ বিভিন্ন ধরনের কনফেকশনারি পণ্য উৎপাদন করে থাকে।
এ ছাড়া কোম্পানিটির পৃথক বিভাগে বিভিন্ন ধরনের চকলেট, চকলেট-কোটেড পণ্য ও ওয়েফার বার তৈরি করা হয়। পানীয় খাতেও কোম্পানিটির কার্যক্রম রয়েছে। এ ইউনিটে বোতলজাত পানি ও কার্বনেটেড ড্রিংকস উৎপাদন করা হয়।
উল্লেখ্য, ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডসের পরিশোধিত মূলধন ১১০ কোটি ৮৪ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৯২ দশমিক ১৫ শতাংশ শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারদর দাঁড়িয়েছে ১২ টাকা।
Posted ২:০২ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity