নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির প্রায় ৬৮০ কোটি টাকা মূলধন সংগ্রহের লক্ষ্যে নতুন সাধারণ (অর্ডিনারি) শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১২ জুলাই জারি করা এক চিঠির মাধ্যমে বিএসইসি ব্যাংকটির মূলধন বৃদ্ধির এ প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
অনুমোদন অনুযায়ী, রূপালী ব্যাংক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের অনুকূলে সরকারের (জিওবি) ইক্যুইটির বিপরীতে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে।
প্রতিটি শেয়ারের ইস্যুমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা, যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য (ফেস ভ্যালু) এবং ৫ টাকা প্রিমিয়াম। এ শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি মোট ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা মূলধন সংগ্রহ করবে।
এর আগে ২০২৫ সালের ৩০ জুন এ বিষয়ে প্রাথমিক ঘোষণা দিয়েছিল রূপালী ব্যাংক। সর্বশেষ বিএসইসির সম্মতি পাওয়ায় মূলধন বৃদ্ধির প্রক্রিয়াটি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে।
Posted ৪:৩৬ পিএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity