নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের অর্থসহ গ্রাহকদের আমানত আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের লক্ষ্মীপুরের রামগতি বাজার শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুল মজিদকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং আত্মসাৎ করা ১ কোটি ২৪ লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ দপ্তর।
রায় অনুযায়ী, জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আব্দুল মজিদকে আরও ১৮ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া তার নামে থাকা আত্মসাৎকৃত অর্থের সমপরিমাণ ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৪৪৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
দুদক জানায়, ২০০৭ সালের ১৪ নভেম্বর থেকে ২০১৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রূপালী ব্যাংকের রামগতি বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে আব্দুল মজিদ ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকদের আমানত ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের অর্থ আত্মসাৎ করেন। তদন্তে দেখা যায়, তিনি মোট ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৪৪৩ টাকা আত্মসাৎ করেছেন, যার মধ্যে পেনশনের অর্থ ছিল ১৬ লাখ ৩০ হাজার ২৩১ টাকা।
এ ঘটনায় ২০১৩ সালের ৮ জুন লক্ষ্মীপুরের রামগতি থানায় দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির পৃথক দুটি ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় এই সাজা প্রদান করেন।
রায় ঘোষণার সময় আব্দুল মজিদ আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
একই মামলার অপর দুই আসামি আব্দুল ওয়াহেদ ও আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোয়াখালীর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ জহির উদ্দিন।
Posted ২:২১ পিএম | বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity