
| সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 440 বার পঠিত

আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হবে ৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয় (রি-ইস্যু) এর নিলাম। এতে মোট ৩ হাজার কোটি টাকার বন্ড বিক্রি করা হবে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বন্ডের ইস্যু তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৫ এবং মেয়াদ শেষ হবে ১০ সেপ্টেম্বর ২০৩০ সালে। বন্ডটির কুপন হার নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ০৩ শতাংশ।
নিলামটি হবে চাহিদাভিত্তিক (অকশন বেইসড)। এতে সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। তবে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও নিজেদের খাতে বা তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারের মাধ্যমে অংশ নিতে পারবে।
বিড দাখিল করা যাবে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। বিড গ্রহণ করা হবে বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক সরকারি সিকিউরিটিজ নিলাম সিস্টেমের (ই-জি-এস) মাধ্যমে। বিশেষ প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে ম্যানুয়াল পদ্ধতিতেও বিড জমা দেওয়া যাবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিলাম সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রাইমারি ডিলারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে জানানো হয়েছে।

Posted ৪:১৬ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


