
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 205 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদার। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে কর্মরত অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদারকে পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
মো. ওয়াহেদুজ্জামান সরদার ২০০১ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি গবেষণা বিভাগের অভ্যন্তরীণ অর্থনীতি উপ-বিভাগ ও ইসলামী অর্থনীতি উপ-বিভাগে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি এবং ইসলামী ব্যাংকিং–সংক্রান্ত বিভিন্ন গবেষণা কার্যক্রমে যুক্ত ছিলেন।
২০০৫ সালে তিনি মনিটারি পলিসি ডিপার্টমেন্টে বদলি হন। সেখানে টানা ১৮ বছর ওপেন মার্কেট অপারেশন (ওএমও) এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। অর্থনীতি ও আর্থিক খাতের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তার উল্লেখযোগ্য গবেষণামূলক অবদান রয়েছে।
জিডিপি, মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, ইসলামী অর্থনীতি, ক্ষুদ্রঋণ, কৃষিঋণ ও মোবাইল ব্যাংকিং বিষয়ে তার লেখা ১৫টি গবেষণাপত্র দেশি ও বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়া সঞ্চয়পত্র ক্রেতাদের আর্থ-সামাজিক অবস্থা, কৃষিঋণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ভোক্তা ঋণবিষয়ক একাধিক গবেষণায় সক্রিয়ভাবে অংশ নিয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

Posted ৩:২৬ অপরাহ্ণ | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


