
| মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 454 বার পঠিত

বীমা গ্রাহক এবং শেয়ারহোল্ডারদের তহবিলের স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বীমাকারীদের শেয়ার গ্রহীতা ও পলিসি গ্রাহকদের জন্য পৃথক হিসাব রক্ষণ সংক্রান্ত একটি প্রবিধানমালার খসড়া তৈরি করতে যাচ্ছে সংস্থাটি ।
এই প্রবিধানমালার রূপরেখা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের কাছ থেকে সুচিন্তিত মতামত আহ্বান করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আইডিআরএ জানিয়েছে, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পৃথক হিসাবের প্রবিধানমালা প্রণয়নের লক্ষ্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির খসড়া রূপরেখা প্রণয়নের লক্ষ্যে এখন জনমত যাচাই করা হচ্ছে।
এক্ষেত্রে মতামত পাঠাতে হবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্ধারিত (officerlaw@idra.org.bd এবং nupur88102@gmail.com) ই-মেইলে সফট কপি (মাইক্রোসফট ওয়ার্ডে নিকষ ফন্টে) এবং হার্ডকপি (পিডিএফ) আকারে।
উল্লেখিত দু’টি ই-মেইল ব্যতিত সরাসরি হার্ডকপি গ্রহণযোগ্য হবে না এবং আগামী ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে মতামত পাঠাতে হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কোনো মতামত পাওয়া না গেলে এ বিষয়ে কারো কোনো আপত্তি নেই বলে গণ্য করবে কর্তৃপক্ষ এবং পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

Posted ১২:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


