শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সম্মিলিত ইসলামী ব্যাংকে বাজারভিত্তিক সুদ কার্যকর, আমানত সুরক্ষিত: গভর্নর

  |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   432 বার পঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকে বাজারভিত্তিক সুদ কার্যকর, আমানত সুরক্ষিত: গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের ওপর নতুন বাজারভিত্তিক সুদের হার চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংকটির কার্যক্রম ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে গভর্নর এসব তথ্য তুলে ধরেন।

গভর্নর জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক বছর বা তার বেশি মেয়াদের আমানতে সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ এবং ছয় মাস থেকে এক বছরের আমানতে ৯ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করা হবে। পাশাপাশি বড় অঙ্কের আমানতকারীদের জন্য বাড়তি সুবিধা চালু করা হয়েছে। আমানতের বিপরীতে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ থাকছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো গ্রাহকের যদি ২০ কোটি টাকা জমা থাকে, তবে তিনি তাৎক্ষণিকভাবে ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা প্রয়োজনের সময় তারল্য সংকট মোকাবিলায় সহায়ক হবে।

আমানতকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি তুলে ধরে ড. আহসান এইচ মনসুর বলেন, গ্রাহকদের মূল আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং পর্যায়ক্রমে উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, একসঙ্গে সব অর্থ উত্তোলনের সুযোগ দিলে হঠাৎ করে ব্যাপক উত্তোলনের ঝুঁকি তৈরি হতে পারে। সে কারণে নিয়ন্ত্রিতভাবে টাকা তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে ফিক্সড ডিপোজিট, মানি স্কিমসহ যেকোনো হিসাব থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাচ্ছে। আর যাদের মোট আমানত ২ লাখ টাকার কম, তারা সম্পূর্ণ অর্থ তুলতে পারছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কম্পিউটার সিস্টেম ও সুদ হিসাব সংক্রান্ত কিছু কারিগরি জটিলতা কাটিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অনলাইন ব্যাংকিং সেবা প্রসঙ্গে গভর্নর বলেন, পাঁচটি ব্যাংকের প্রযুক্তিগত সিস্টেম একত্রিত করা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে ধাপে ধাপে অনলাইন সেবা, আরটিজিএস এবং এটিএম কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গভর্নর স্পষ্ট করে বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংককে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করতে বাংলাদেশ ব্যাংক প্রতিদিন সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকের সঙ্গে বৈঠক করছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ব্যাংকটির সব কার্যক্রম সম্পূর্ণভাবে স্বাভাবিক হবে। একই সঙ্গে তিনি জানান, গুজব ছড়ানোর পেছনে কোনো বড় গোষ্ঠীর প্রত্যক্ষ সমর্থন নেই।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৩:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com