
| মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 521 বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর ফলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন এসব প্রতিষ্ঠানে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৫ জানুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে ওই দুই দিন দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১ (২) (ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ঘোষিত ছুটির পরদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিন আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Posted ৪:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


