
| রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 215 বার পঠিত

জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর প্রথম লেনদেন দিনে শক্তিশালী সূচনা করেছে দেশের পুঁজিবাজার। রোববার সকালে লেনদেন শুরু হতেই ক্রয়চাপে দ্রুত ঊর্ধ্বমুখী হয় সূচকগুলো। শুরুর কয়েক মিনিটের মধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্টের বেশি বেড়ে যায়।
বাজার খোলার সঙ্গে সঙ্গেই অর্ধশতাধিক কোম্পানির শেয়ার ও ইউনিট সর্বোচ্চ মূল্যসীমা বা সার্কিট ব্রেকারে পৌঁছে যায়। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
লেনদেনের শুরুতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা খাত ও বড় মূলধনী কোম্পানির শেয়ারে উল্লেখযোগ্য ক্রেতা চাপ দেখা যায়। বাজার বিশ্লেষকদের ভাষ্য, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়া এবং নতুন সরকারের সম্ভাব্য নীতিগত সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক প্রত্যাশা বিনিয়োগকারীদের কেনামুখী করেছে।
তাদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি অর্থনৈতিক সংস্কার, সুদের হার নীতি, বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির পদক্ষেপ বাজারের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে। ঘোষিত সংস্কার দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত মিললে ঊর্ধ্বমুখী প্রবণতা আরও কিছু সময় ধরে থাকতে পারে।
তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, টেকসই ঊর্ধ্বগতির জন্য করপোরেট মুনাফা বৃদ্ধি, বাজারে স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একাংশ দীর্ঘদিন পর বাজারে ইতিবাচক গতি দেখে আশাবাদ প্রকাশ করেছেন। যদিও কেউ কেউ দ্রুত মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কথাও উল্লেখ করেছেন, যা স্বল্পমেয়াদে অস্থিরতা তৈরি করতে পারে।
বাজারের পরিসংখ্যান বলছে, সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি শেয়ার ও ইউনিটের মধ্যে ৩৫২টির দাম বেড়েছে, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দর। অধিকাংশ শেয়ারের দর বাড়ায় ডিএসইএক্স সূচক ১১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১১ পয়েন্টে।
একই সময়ে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং ডিএস৩০ ৩৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান নেয়।
লেনদেনের গতি থেকেও ইতিবাচক ইঙ্গিত মিলেছে। সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকার, যা নির্বাচনপূর্ব শেষ পূর্ণ কার্যদিবসের লেনদেনের কাছাকাছি।

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


