শিরোনাম >>
শিরোনাম >>

প্রতিদিন প্রকাশ হবে কলমানি-রেপো রেট, নতুন রেফারেন্স রেট চালু করছে কেন্দ্রীয় ব্যাংক

প্রতিদিনের অর্থনীতি   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

প্রতিদিন প্রকাশ হবে কলমানি-রেপো রেট, নতুন রেফারেন্স রেট চালু করছে কেন্দ্রীয় ব্যাংক
Share

মানি মার্কেটে স্বচ্ছতা ও বাস্তবভিত্তিক সুদের হার নির্ধারণে বড় সংস্কারে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ এপ্রিল থেকে প্রতিদিন কলমানি ও রেপো রেট প্রকাশের পাশাপাশি চালু হচ্ছে নতুন সমন্বিত রেফারেন্স রেট। এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদি অর্থের প্রকৃত খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।

নতুন ব্যবস্থায় কলমানি রেটকে ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট’ (ডিওএমএমআর) এবং রেপো রেটকে ‘বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্স রেট’ নামে অভিহিত করা হয়েছে। এই দুই হার একত্রে একটি সমন্বিত ‘রেফারেন্স রেট’ হিসেবে ব্যবহৃত হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের তিন কার্যদিবসের লেনদেন তথ্যের ভিত্তিতে প্রতিদিন সকালে এই রেফারেন্স রেট নির্ধারণ ও প্রকাশ করা হবে। আগামী ১৫ এপ্রিল থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে নিয়মিত এ তথ্য প্রকাশ শুরু হবে।

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, এতদিন ‘ঢাকা ইন্টারব্যাংক অফার রেট’ (ডিবোর) ব্যাংকগুলোর দেওয়া অফার রেটের ওপর নির্ভরশীল ছিল, যা অনেক ক্ষেত্রে বাজারের প্রকৃত চিত্র তুলে ধরতে ব্যর্থ হতো। নতুন ব্যবস্থায় সরাসরি লেনদেনের তথ্য ব্যবহার করে সুদের হার নির্ধারণ করা হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড যেমন ‘এসওএফআর’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অস্বাভাবিক লেনদেনের প্রভাব কমাতে পরিসংখ্যানভিত্তিক পদ্ধতি প্রয়োগ করা হবে। কোনো দিনে পর্যাপ্ত লেনদেন না হলে ‘রোলিং উইন্ডো’ পদ্ধতিতে আগের দিনের তথ্য যুক্ত করে রেট নির্ধারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইস্তেকমাল হোসেন বলেন, এই নতুন রেফারেন্স রেট বাজারের বাস্তব চিত্র তুলে ধরবে এবং সুদের হার নির্ধারণে একটি নির্ভরযোগ্য মানদণ্ড তৈরি করবে।

এই উদ্যোগের ফলে ঋণচুক্তি, বন্ড এবং ফ্লোটিং রেটভিত্তিক বিভিন্ন আর্থিক পণ্যের মূল্য নির্ধারণ সহজ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের কাছেও বাংলাদেশের আর্থিক বাজার আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মার্চ মাস থেকেই পরীক্ষামূলকভাবে এই রেট নির্ধারণের কাজ চলছিল। নিয়মিত পর্যবেক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতে এই পদ্ধতিকে আরও আধুনিক ও কার্যকর করা হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৫৮ পিএম | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com