নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট
শরিয়াহভিত্তিক সরকারি বিনিয়োগ মাধ্যম সুকুক বন্ডে অংশগ্রহণ বাড়াতে এবং প্রক্রিয়াকে আরও সহজ করতে নতুন মাশুল কাঠামো নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বিনিয়োগকারীদের জন্য খরচ নির্দিষ্ট ও স্বচ্ছ করার পাশাপাশি সেবা গ্রহণও করা হয়েছে আরও সহজতর।
সোমবার (৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, এখন থেকে নির্ধারিত মাশুল ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহজেই সুকুক ইনভেস্টর আইডি খোলা যাবে।
নতুন কাঠামো অনুযায়ী, ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য ইনভেস্টর আইডি খোলা, প্রাথমিক নিলামে অংশগ্রহণ এবং বার্ষিক রক্ষণাবেক্ষণ—প্রতিটি সেবার জন্য সর্বোচ্চ ২০০ টাকা মাশুল নির্ধারণ করা হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে একই সেবাগুলোর জন্য সর্বোচ্চ ৫০০ টাকা করে দিতে হবে। এছাড়া সেকেন্ডারি মার্কেটে প্রতি লেনদেনে ১০০ টাকা মাশুল প্রযোজ্য হবে।
আয়কর সনদের ক্ষেত্রে বছরে একটি সনদ বিনামূল্যে পাওয়া যাবে। অতিরিক্ত প্রতিটি সনদের জন্য ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রতিষ্ঠান পর্যায়ে ৫০০ টাকা মাশুল নির্ধারণ করা হয়েছে।
তবে বিনিয়োগকারীদের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা সম্পূর্ণ মাশুলমুক্ত রাখা হয়েছে। সুকুক থেকে প্রাপ্ত মুনাফা, ভাড়া বা আসল পরিশোধে কোনো চার্জ নেওয়া যাবে না। একইসঙ্গে বিনিয়োগের পরিমাণ বা হোল্ডিং রিপোর্ট সংগ্রহ এবং সুকুক আইডি বন্ধ করাও থাকবে বিনামূল্যে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ‘গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো’-এর মাধ্যমে আবেদন করতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের শরিয়াহ সিকিউরিটি মডিউলের মাধ্যমে আইডি খোলা হবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, সুকুক বিনিয়োগকে আরও স্বচ্ছ, সহজ এবং বিনিয়োগবান্ধব করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সরকারি সিকিউরিটি হওয়ায় এতে মূলধনের নিরাপত্তা নিশ্চিত থাকে, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য বিনিয়োগ বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।
Posted ১:৫৪ এএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity