নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ মে ২০২৬ | প্রিন্ট
দেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তার ও নগদহীন লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল করতে বাণিজ্যিকভাবে ‘ই-লোন’ চালুর জন্য নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১১ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
নীতিমালায় বলা হয়েছে, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ই-ওয়ালেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা ক্ষুদ্রঋণ নিতে পারবেন। নতুন এই সেবার নামের সঙ্গে বাধ্যতামূলকভাবে ‘ই-লোন’ শব্দটি যুক্ত রাখতে হবে।
সার্কুলার অনুযায়ী, একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ই-লোন নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। সুদের হার বাজারভিত্তিক হলেও বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় এলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার হবে ৯ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ই-লোনের পুরো কার্যক্রম—গ্রাহক অনবোর্ডিং থেকে ঋণ বিতরণ ও আদায় পর্যন্ত—সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। ঋণ আবেদন, অনুমোদন ও চার্জ ডকুমেন্টে স্বাক্ষরের পরিবর্তে বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে গ্রাহকের সম্মতি নিতে হবে। তবে এসব তথ্য কোনো তৃতীয় পক্ষ সংরক্ষণ করতে পারবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, ই-লোন চালুর আগে ব্যাংকগুলোকে অন্তত ছয় মাস পাইলট প্রকল্প পরিচালনা করতে হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে পণ্যের গাইডলাইন চূড়ান্ত করে পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।
এ ছাড়া ঋণ বিতরণের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বর ও ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করে পরিচয় নিশ্চিত করতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, খেলাপি ঋণগ্রহীতারা তথ্য গোপন করে ই-লোন নিলে সিআইবি প্রতিবেদনে তথ্য আসার পর দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে গ্রাহকের ওপর সিআইবি অনুসন্ধান বাবদ কোনো চার্জ আরোপ করা যাবে না।
ডেটা সুরক্ষার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, গ্রাহক ও ঋণসংক্রান্ত তথ্য দেশের ভৌগোলিক সীমার মধ্যে অবস্থিত ডেটা ওয়্যারহাউজে সংরক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা আইন এবং সাইবার সুরক্ষা আইন অনুসরণ করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
Posted ৫:১৮ পিএম | সোমবার, ১১ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity