
| মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 1501 বার পঠিত

বীমা দাবি পরিশোধে ধারাবাহিকতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি। মেসার্স ডটকম সোয়েটার লিমিটেডের কারখানায় দাঙ্গাজনিত ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন শেষে প্রতিষ্ঠানটি ৫ কোটি ৩১ লাখ ২২ হাজার ৮৭১ টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে।
সম্প্রতি ফেডারেল ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডটকম সোয়েটার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফয়জুল আহসানের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। চেকটি হস্তান্তর করেন ফেডারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এএমএম মহিউদ্দিন চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডটকম সোয়েটার লিমিটেডের কারখানায় ক্ষয়ক্ষতির বিস্তারিত পর্যালোচনা ও যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই এই বীমা দাবি পরিশোধের সিদ্ধান্ত নেয় ফেডারেল ইন্স্যুরেন্স।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেল ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দীন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (দাবি ও পুনঃবীমা) মো. মুহিবুল্লাহ, প্রধান অর্থ কর্মকর্তা মাসুদ হোসাইনসহ কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে ফেডারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এএমএম মহিউদ্দিন চৌধুরী বলেন, “গ্রাহকের বিশ্বাসই আমাদের মূল সম্পদ। সেই বিশ্বাস রক্ষা করতেই বীমা দাবি পরিশোধে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও বলেন, “মাঝে মধ্যে কিছু দাবি নিয়ে জটিলতা সৃষ্টি হলেও সেগুলো উত্তরণে আগামী দিনগুলোতে আমরা আরও বেশি গুরুত্ব দেব।”
দাবি পরিশোধের বিষয়ে কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বীমা আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এবং গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিয়মিতভাবে বীমা দাবি নিষ্পত্তিতে কাজ করে যাচ্ছে ফেডারেল ইন্স্যুরেন্স। অতীতে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বড় অঙ্কের বীমা দাবি সফলভাবে পরিশোধ করেছে।
এর মধ্যে রয়েছে যমুনা গ্রুপের দুটি বীমা দাবি—২৪ কোটি ১ লাখ টাকা ও ৫ কোটি ৬৬ লাখ টাকা; অটবি’র ১৮ কোটি ৭৩ লাখ টাকা; মার্শাল হোমসের ৬ কোটি টাকা; মদিনা মেরিটাইম-এর একাধিক দাবি—২ কোটি ২০ লাখ ও ৩ কোটি; ডার্ড কম্পোজিট ৩ কোটি টাকার বীমা দাবিসহ ভিয়েলা টেক্সটাইল, গাজী অটো টায়ার, একমি ল্যাবরেটরিজ, হরাইজন প্লাস্টিক এবং প্রিমিয়ার সিমেন্টসহ আরও অনেক প্রতিষ্ঠানের বড় অঙ্কের বীমা দাবি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সময়মতো ও স্বচ্ছভাবে দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা ধরে রাখাই ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি’র মূল লক্ষ্য। পাশাপাশি শিল্পখাতে ঝুঁকি ব্যবস্থাপনায় কার্যকর বীমা সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

Posted ৫:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


