| মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ সাজ্জাদুল করিম, এফএলএমআই এর নিয়োগে অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, এই নিয়োগ কার্যকর হয়েছে ২০২৬ সালের ১৪ জানুয়ারি। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জীবন বীমা খাতে দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্বদানের সক্ষমতার ভিত্তিতেই মোহাম্মদ সাজ্জাদুল করিমকে সিইও হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। জীবন বীমা শিল্পে ম্যাক্রো ও মাইক্রো—উভয় পর্যায়ে তার ২৭ বছরেরও বেশি সময়ের নেতৃত্বমূলক অভিজ্ঞতা রয়েছে। এ সময় তিনি জীবন, স্বাস্থ্য এবং পশুপালন খাতে বীমা ব্যবসার উন্নয়ন ও বিস্তারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
পেশাগত জীবনে তিনি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, পিকেএসএফ, আইএনএএফআই এবং অ্যালিকো বাংলাদেশে (বর্তমানে মেটলাইফ) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মোহাম্মদ সাজ্জাদুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এমবিএ এবং হিসাববিজ্ঞানে এম.কম ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক লাইফ অফিস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (লোমা) থেকে তিনি লাইফ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ফেলো (এফএলএমআই) ডিগ্রি অর্জন করেন।
নিয়োগ অনুমোদন পাওয়ায় কোম্পানির পক্ষ থেকে মোহাম্মদ সাজ্জাদুল করিমকে শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তার নেতৃত্ব অনুমোদনের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
প্রতিদিনের অর্থনীতি/
Posted ১০:৩৩ পিএম | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity