বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর ঢাকা, ২০৫০ সালে শীর্ষে উঠবে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর ঢাকা, ২০৫০ সালে শীর্ষে উঠবে: জাতিসংঘ
Share

রাজধানী ঢাকার জনসংখ্যা ও ভৌগোলিক পরিধি দ্রুত বাড়ছে। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের আগমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতার ফলে ঢাকা বিশ্বের নবম বৃহৎ শহর থেকে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আর ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের বৃহত্তম মেগাসিটিতে পরিণত হবে বলে জানিয়েছে জাতিসংঘ।

বুধবার (২৬ নভেম্বর) আলজাজিরা এক প্রতিবেদনে জাতিসংঘের সাম্প্রতিক তথ্য উদ্ধৃত করে জানায়, আগে বিশ্বের বৃহত্তম শহর ছিল জাপানের রাজধানী টোকিও। তবে সর্বশেষ পরিসংখ্যানে টোকিওকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে ঢাকা এবং তৃতীয় স্থানে অবস্থান করছে টোকিও। ২০০০ সালের দিকে জাতিসংঘ টোকিওকেই বিশ্বের সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল।

জাতিসংঘের তথ্য বলছে, বর্তমানে জাকার্তায় বাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ। ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ এবং টোকিওতে বসবাস করেন ৩ কোটি ৩৪ লাখ মানুষ।

জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক বিষয়ক বিভাগের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে আরও জানানো হয়, বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩টি। যেখানে ১৯৭৫ সালে এমন শহরের সংখ্যা ছিল মাত্র আট। যেসব নগরে ১ কোটির বেশি মানুষ বসবাস করেন, সেগুলোকেই মেগাসিটি বলা হয়।

এই ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায় অবস্থিত। শীর্ষ ১০ মেগাসিটির ৯টিই এশিয়ার শহর। উল্লেখযোগ্যগুলোর মধ্যে রয়েছে— ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের মানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

এশিয়ার বাইরে শীর্ষ ১০-এ রয়েছে শুধু মিসরের রাজধানী কায়রো, যেখানে ৩ কোটি ২০ লাখ মানুষ বসবাস করেন। অন্যদিকে আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং সাব–সাহারান অঞ্চলে নাইজেরিয়ার লাগোস সবচেয়ে বৃহৎ শহর হিসেবে বিবেচিত।

জাতিসংঘের বিশ্লেষণ অনুযায়ী, ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হলো দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের ঢল। কেউ কাজের সুযোগের খোঁজে, কেউ প্রাকৃতিক দুর্যোগ–বন্যা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি থেকে বাঁচতে রাজধানীতে পাড়ি জমাচ্ছেন।

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৪৫ এএম | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com