নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবি পিএলসি) তাদের ব্যবসার পরিধি ও বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যে নতুন একটি বিক্রয় ও বিতরণ চুক্তি করেছে। এ চুক্তির আওতায় দেশের সরকারি খাতে যুক্তরাষ্ট্রের ‘ইআরজিওএন’ ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বাজারজাত ও বিতরণ কার্যক্রমে অংশ নেবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি এবং বাংলাদেশে ‘ইআরজিওএন’ ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েলের অনুমোদিত পরিবেশক প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিকেন্টস লিমিটেডের মধ্যে বিক্রয় ও বিতরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রাথমিকভাবে এক বছরের জন্য কার্যকর এ চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সরকারি খাতে ‘ইআরজিওএন’ ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিপণন ও বিতরণ করবে।
চুক্তির বিষয়ে তথ্য প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানিটির কাছে চুক্তির অনুলিপি চেয়েছিল। পরবর্তীতে ইস্টার্ন লুব্রিকেন্টস চুক্তির অনুলিপি ডিএসইতে জমা দিয়েছে বলে জানিয়েছে স্টক এক্সচেঞ্জ। এর ফলে চুক্তি-সংক্রান্ত তথ্য প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
Posted ১২:২৫ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity